গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বিদ্যুৎ, জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সিলেটে সমাবেশের ডাক দিয়েছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ। আগামী ৮ নভেম্বর রবিবার বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সভায় যোগ দিয়ে সেটিকে গণসমাবেশে পরিণত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গত ৪ নভেম্বর সন্ধ্যায় নগরীর ১১২ ধোপাদিঘির পূর্বপাড়ে পরিষদের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির করণীয় সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেন সংগঠনের নেতারা।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। পরিচালনা করেন সদস্য সচিব মকসুদ হোসেন। বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, জেলা ব্যবসায়ী নেতা মো. শেখ লায়েক মিয়া, লুৎফুর রহমান লিলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ ও ইফতেকার হোসেন সোহেল।
সভায় বক্তারা বলেন, দেশে মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়েছে। আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে গণশুনানি ছাড়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ, জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম কমানো এখন সময়ের গণদাবি।