সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার ‘মহানগর হাসপাতাল’কে লাইসেন্সসংক্রান্ত অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে হাসপাতালের সার্বিক অনিয়ম ও ত্রুটিগুলো শুধরে নিতে দুই মাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতুর নেতৃত্বে দরগাহ গেইট এলাকায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, পরিদর্শনকালে হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তর, ড্রাগ ফার্মেসি এবং পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এ ছাড়া হাসপাতালের অপারেশন থিয়েটার, পোস্ট-অপারেটিভ রুম ও অটোক্লেভ রুম অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়।
অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু জানান, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় মহানগর হাসপাতালকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে। নাগরিক স্বাস্থ্যসেবায় যেকোনো নিয়মবহির্ভূত কার্যক্রম বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।