সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি ও ইশেকপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় আব্দুল মান্নান সরকার ও তাজ মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার পক্ষে ভূরকি গ্রামের মদরিছ আলীর ছেলে কবির আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি করেন। মামলায় ইশেকপুর গ্রামের ১৭ জনের নাম উল্লেখ করে আরও ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা নম্বর ১৭, তারিখ ২৮.০৯.২০২৬।
এর আগে সোমবার বিকেলে চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগে ইশেকপুর গ্রামের মৃত আব্দুল মস্তানের ছেলে আব্দুল মান্নান সরকার ও তাজ মিয়াকে আটক করে পুলিশ। পরে ওই রাতে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভূরকি বাজার এলাকায় ভূরকি ও ইশেকপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। চেয়ারম্যানসহ গুরুতর আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান মামলা ও দুজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।