সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও লাফার্জহোলসিম বাংলাদেশ। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যক্তি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ জরুরি এবং এ জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিটি পরিবারে সচেতনতা পৌঁছানো তাঁদের লক্ষ্য। লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব জিওসাইকেল লতিফুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, পরিবেশবিদসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে জানানো হয়, লাফার্জহোলসিম বাংলাদেশ গত বছর জিওসাইকেল প্রকল্পের আওতায় সিসিকের ১০ হাজার টন প্লাস্টিক কো-প্রসেস করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে বর্জ্য ব্যবস্থাপনায় সিসিক কাজ করছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উপলক্ষে ‘প্লাস্টিক দূষণমুক্ত নগরী’ বিষয়ে আয়োজিত দেয়াল লিখন প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। সিসিক প্রশাসক জানান, পর্যায়ক্রমে শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।