সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে স্বজনের ছুরিকাঘাতে সাইফুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সেজু মিয়া নিহতের ফুফাতো-মামাতো ভাই। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন।
নিহত সাইফুর রহমান ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে। অভিযুক্ত সেজু মিয়া একই উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মস্তাপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুই পরিবারের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে শেরপুর টোলপ্লাজার পাশের একটি দোকানে গেলে সাইফুর রহমানকে ছুরিকাঘাত করেন সেজু মিয়া। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই স্থানীয় লোকজন কিছু সময় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।