আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিলেটে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
গত সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, যার জয়ের সম্ভাবনা বেশি, তাঁকেই প্রার্থী করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নেওয়া হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরও জোরদার হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণার পর দলীয় কার্যক্রমও সেই অনুযায়ী এগোবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সভায় সংসদ সদস্য এমএ মালিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।