সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকার 'সাইফা সামিট' বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আহমদ জাকির (৫০) নামে এক আমেরিকা প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ওই ভবনের আট তলার ছাদ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শাহপরান থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আহমদ জাকির প্রায় এক বছর আগে দেশে ফিরে ওই ভবনের ৮-ডি নম্বর ফ্ল্যাট কিনে একাই বসবাস করছিলেন। বাসার গৃহপরিচারিকার বরাতে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন এবং চিকিৎসাও নিচ্ছিলেন। তবে পুলিশ বা পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি হত্যা, দুর্ঘটনা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।