সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া। এর জের ধরে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দীন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।