নিখোঁজ হওয়ার তিন বছর তিন মাস পর হবিগঞ্জের মাধবপুরে মহব্বত আলীর (৩৯) কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির সেফটিক ট্যাংকে অভিযান চালিয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়।
মহব্বত আলী রামনগর গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক হলেও স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন তিনি। ২০২৩ সালের ৩০ জুলাই হঠাৎ নিখোঁজ হন মহব্বত। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হয়।
দীর্ঘ সময়েও মহব্বত আলীর নিখোঁজের রহস্যের কোনো কিনারা হয়নি। দীর্ঘ অনুসন্ধান, তদন্ত ও প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় চারজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা কঙ্কাল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।