সিলেট সীমান্তের বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া ও তামাবিল বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সোমবার (৫ অক্টোবর) বিজিবির পরিচালিত এসব পৃথক অভিযানে আনুমানিক ২২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের মালামাল আটক করা হয়।
অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ দেশীয় শিং মাছ জব্দ করে বিজিবি। একই সময়ে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশে আনা ভারতীয় গরু, ফুচকা, কম্বল ও জুসসহ বিভিন্ন মালামাল আটক করা হয়।
সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে বিজিবি জানায়, বাংলাদেশ থেকে দেশীয় পণ্য পাচার এবং ভারতীয় মালামাল অবৈধ প্রবেশের নেপথ্যে কারা রয়েছে তা শনাক্ত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত এসব মালামালের বিষয়ে আইনি বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।