প্রাথমিক অনুসন্ধানে সোয়া কোটি টাকারও বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ায় সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব নিতে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১২ অক্টোবর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকা এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, স্বামী-স্ত্রীর নামে মোট ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬১২ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তাঁদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। ফলে তাঁদের প্রকৃত সম্পদের পরিমাণ ও আয়ের উৎস যাচাই করতে আনুষ্ঠানিকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।