সিলেট মহানগরীর কোতোয়ালী ও জালালাবাদ থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৩১ পিস ইয়াবা, নগদ ২৬ হাজার ১২০ টাকা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৫ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন পূর্ব দরগা গেইট এলাকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বিপরীতে বাটা শোরুমের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মারপসি গ্রামের ইছকন্দর আলী (৪৬)-এর হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ইছকন্দর আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টা ৪৫ মিনিটে জালালাবাদ থানাধীন ইসলামগঞ্জ বাজারের জালালাবাদ টেলিকমের সামনে অভিযান চালানো হয়। সেখানে সিলেটের জালালাবাদ থানার কালারুকা গ্রামের আব্দুল আউয়াল খান (৪১)-এর হেফাজত থেকে ৩১০ পিস ইয়াবা ও নগদ ২৪ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৪৩ দায়ের করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর দায়ের করা মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণীর ১০(ক)/৩৮/৪১ ধারায় করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।