
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযানগুলো চালানো হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আসা জিরা, গরু, চিনি, বিস্কুট, কম্বল ও বিয়ার জব্দ করা হয়। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের কালে বিপুল পরিমাণ টি-শার্ট, রসুন, শিং মাছ এবং পাচারে ব্যবহৃত বারকী নৌকা আটক করে বিজিবি।
অভিযানের বিষয় নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য পাচার বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।