৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় রাজনীতি সিলেট

ডিসেম্বরের মধ্যে জৈন্তাপুরে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন আনার আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) রাজস্ব খাতের আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, জৈন্তাপুরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সড়ক যোগাযোগ ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন জরুরি। পর্যটকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটক বাড়ার পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে বলে জানান তিনি। এ লক্ষ্যে ইউনিয়নগুলোর সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও শিক্ষকসংকট দ্রুত সমাধান করে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সেখানে পরিবর্তন আনার চেষ্টা করার কথা জানান তিনি। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিদ্যালয়ের সামনে ইভটিজিং ও বখাটেপনা দমনে পুলিশ ও প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

স্থানীয় অবকাঠামো ও অন্যান্য সেবা প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে জৈন্তাপুর বাজার ভেঙে আধুনিক চারতলা মার্কেট নির্মাণের কাজ শুরু হবে। আগামী সপ্তাহে জৈন্তাপুর বাজার থেকে টিএনও অফিস পর্যন্ত সড়কের উন্নয়নকাজও শুরু করা হবে। এছাড়া রাস্তার পাশে ময়লা না রাখা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান নির্বাচনের পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রোগীদের সিলেট সদর হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য শিগগিরই একটি আধুনিক অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল নোমান, জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রশীদ ও সাধারণ সম্পাদক আবদুল হাফিজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি, গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল, দরিদ্র ও দুস্থদের মধ্যে চেক এবং বর্জ্য পরিষ্কারের জন্য ভ্যান বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের সম্প্রসারিত চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *