
আগামী ১০ অক্টোবর থেকে সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলা উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ মাঠে অবকাঠামোগত ও মাঠ সাজানোর কাজের উদ্বোধন করা হয়েছে।
একই দিন নগরীর দরগাহ মহল্লায় চেম্বার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন চেম্বার সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা। তিনি জানান, মেলাটি সিলেট উইমেন চেম্বারের সরাসরি তত্ত্বাবধানেই পরিচালিত হবে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মেলা বিক্রি করা হয়নি। ওয়ার্ক অর্ডারের মাধ্যমে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হবে। তিনি আরও জানান, জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রয়োজনীয় অনুমোদন এবং উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইতোমধ্যে মাঠ তৈরির কাজ শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী এ আয়োজনের প্রক্রিয়া চলছে এবং এতে পুরো পরিচালনা পর্ষদ যুক্ত রয়েছে।
নিরাপত্তা ও যানজট ব্যবস্থাপনার বিষয়ে জানানো হয়, মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি চেম্বারের নিজস্ব স্বেচ্ছাসেবক দল এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিরাপত্তা থাকবে। এছাড়া দর্শনার্থীদের জন্য রাখা হচ্ছে বড় পরিসরে পার্কিংয়ের ব্যবস্থা। এ মেলার মাধ্যমে স্থানীয় ও বিশেষ করে নারী উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন ও ব্যবসা সম্প্রসারণের বড় সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী উপস্থিত থাকবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।