জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি অভিযোগ করেছেন, মাত্র সাত মাসের মাথায় সরকার গণভোটের রায় বাতিলের মাধ্যমে জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, বিরোধী দল সংসদের ভেতরের আলোচনার মাধ্যমে সংকট সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই তাদেরকে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান সরকারের নীতি নির্ধারণ ও মন্ত্রীগণের বক্তব্যের নানা অসঙ্গতি তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একেক মন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করছে। উদাহরণ হিসেবে তিনি সিলেট-ঢাকা মহাসড়ক প্রকল্পের উল্লেখ করে জানান, কাজ শেষ হওয়ার সময়সীমা নিয়ে এক মন্ত্রী ২০২৮ সাল এবং অন্য মন্ত্রী ২০২৯ সালের কথা বলছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাজারে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য বাড়তে শুরু করেছে উল্লেখ করে তিনি জানান, সংকট সমাধানে জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া প্রস্তাবনাকে সরকার গুরুত্ব দিচ্ছে না।
স্থানীয় ও সামাজিক সংকট প্রসঙ্গে জামায়াত আমীর কিশোরগঞ্জের পাগলা মসজিদের অনুদানের প্রসঙ্গ টেনে হযরত শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার প্রস্তাব করেন। বর্তমানে জেলা প্রশাসনের ৩৫ শতাংশ ও মাজার কর্তৃপক্ষের ৬৫ শতাংশের ভিত্তিতে চলমান অনুদান বণ্টনব্যবস্থার টেকসই রূপ দিতে তিনি সরকার, মাজার কর্তৃপক্ষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় সংলাপের আহ্বান জানান। এছাড়া তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো দৃশ্যমান করা ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে চালুর দাবি জানান।
স্বাস্থ্য ও আন্তর্জাতিক বিষয়ে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘাটতির বিষয়ে উদ্বেগ জানান। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে বহুপাক্ষিক কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ভারত ও চীনের কার্যকর সহযোগিতা নেওয়ার জোর দাবি জানান।
সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-ঊন-নূরসহ স্থানীয় সংবাদমাধ্যমের বিভিন্ন পর্যায়ের কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। জামায়াতের নেতাদের মধ্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ও মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহাজান আলী এবং জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন প্রমুখ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।