১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অর্থনীতি জাতীয় ব্যবসা রাজনীতি সিলেট

এসজিএফএলের টেন্ডারে বাধার অভিযোগ, ১২ ব্যবসায়ীকে সরিয়ে জমা ফেলা হলো ৪ দরপত্র 

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য যানবাহন সরবরাহের উন্মুক্ত দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ও বাধার অভিযোগ উঠেছে। এতে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এবং শর্ত পূরণ করেও অন্তত ১২ জন সাধারণ ব্যবসায়ী দরপত্র জমা দিতে পারেননি বলে দাবি করেছেন। শেষ পর্যন্ত টেন্ডার বাক্সে মাত্র চারটি দরপত্র জমা পড়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এসজিএফএলের প্রধান কার্যালয়ের সার্ভিসেস ডিভিশনের নিরাপত্তা শাখা (ট্রান্সপোর্ট) এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগকারী ব্যবসায়ীদের দাবি, টেন্ডার জমাদানের নির্ধারিত সময়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি ও মারমুখী আচরণের কারণে ভয় ও চাপের সৃষ্টি হয়। এ সময় জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীন আলমসহ কয়েকজন তাঁদের টেন্ডার বাক্সে কাগজপত্র ফেলতে বাধা দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে এসজিএফএলের পরিবহন বিভাগের ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, "দরপত্র জমাদানের পরিবেশ মারমুখী ছিল। ১০ থেকে ১২ জন স্থানীয় ব্যক্তি এসে অন্যান্য ব্যবসায়ীদের দরপত্র জমা দিতে দেননি। সাধারণ ব্যবসায়ীরা সময়মতো এসেও বাধার কারণে ব্যর্থ হয়েছেন, বাক্সে মাত্র ৪টি টেন্ডার পড়েছে।"

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, বাধার মুখে সাধারণ দরদাতারা পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত বিএনপি-ছাত্রদল সমর্থিত চারজনের দরপত্র জমা পড়েছে। এছাড়া এসজিএফএলের সিবিএ যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যবসায়ীরা জানান, তিনি ব্যবসায়ীদের কাছে 'ঝামেলা না করে সমঝোতার' প্রস্তাব দেন। নজরুল ইসলাম সমঝোতার বিষয়ে স্পষ্ট না বললেও স্থানীয়দের বাধার বিষয়টি স্বীকার করে জানান, "বিষয়টি দুঃখজনক, এখন কর্মকর্তা-কর্মচারীরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।"

এদিকে বাধার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীন আলম। তিনি বলেন, "আমরা ঘটনাস্থলে ছিলাম এবং ৪টি টেন্ডার জমা পড়েছে। তবে বাধার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। অন্য ব্যবসায়ীরা কেন টেন্ডার দেননি, তা তাঁরাই বলতে পারবেন।"

উল্লেখ্য, গত ২১ জুলাই ৪টি প্যাকেজে ৯টি যানবাহন ভাড়ায় নিতে জাতীয় পর্যায় উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল এবং ২৪ আগস্ট এর সময়সূচি সংশোধন করা হয়। বঞ্চিত ব্যবসায়ীরা টেন্ডার বাক্সে জমা পড়া ৪টি দরপত্র বাতিল, নিরাপত্তা বাহিনীর ডিউটি খাতা ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্বচ্ছ পরিবেশে পুনরায় দরপত্র আহ্বানের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *