মৌলভীবাজারের জুড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কিশোর রায় চৌধুরী মনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জুড়ী উপজেলা শাখার একজন নেতা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী মামলায় কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হয়েছে।
এদিকে, একই দিন সকালে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়। স্থানীয়দের ভাষ্যমতে, জুড়ী কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে ৭–৮ জন মুখোশধারী ব্যক্তি ব্যানার হাতে কিশোর রায় চৌধুরী মনির বাড়ির সামনের সড়কে সংক্ষিপ্ত মিছিল করে চলে যান।