মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজারের রাজনগর থানার দক্ষিণ খারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবির হোসেন (৩০) রাজনগর থানার গাংপাড় এলাকার উকিল মিয়ার ছেলে।
এসআরবি জানায়, গত ১২ সেপ্টেম্বর (শনিবার) অভিযুক্ত জাহেদের প্ররোচনায় ভুক্তভোগী কিশোরী বাসা থেকে বের হন। এরপর কবির হোসেনসহ কয়েকজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। নির্যাতনের পর ভুক্তভোগীকে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা গত ২১ সেপ্টেম্বর (সোমবার) কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত কবির হোসেন উক্ত মামলার ৪ নম্বর পলাতক আসামি।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত কবির হোসেনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক অভিযুক্তদের গ্রেফতারে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।