সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর ঘটনা থামছেই না। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাবাস্সুম আক্তার নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ছয় দিন ধরে বিভাগে এ ব্যাধিতে শিশু মৃত্যুর ঘটনা ঘটল এবং চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১ জনে।
সোমবার (১২ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার (১২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) সার্বিক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশু তাবাস্সুম হবিগঞ্জের বাহুবল থানার সুমন মিয়ার মেয়ে। চলতি বছর বিভাগজুড়ে হাম ও হাম সন্দেহে ১৯১ জন মারা গেলেও এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১০ জনের দেহে নিশ্চিত হামের উপস্থিতি পাওয়া গেছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়—৭৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৯ এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।
একই সময়ে বিভাগে নতুন করে আরও ৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এতে এ বছর মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০২ জনে গিয়ে পৌঁছাল। এর মধ্যে সিলেটে ৪২৯, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৫২১ জন রোগী চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, নর্থ ইস্ট হাসপাতালে ৩ এবং বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে শিশু ভর্তি হয়েছে।