সিলেট নগরীর বালুচর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে শাহপরান পশ্চিম থানার ৩৬ নম্বর ওয়ার্ড জামায়াত স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল অভিযোগ করেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সিলেট নগরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দাবি করেন, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় উদাসীনতা এবং সার্বিক অব্যবস্থাপনার কারণে পুরো দেশের মতো সিলেটেও ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলেও তিনি মত ব্যক্ত করেন।
ড. বাবুল নিজেকে নগরীর সন্তান উল্লেখ করে জানান, নগরীর প্রতিটি সমস্যা সম্পর্কে তিনি অবগত এবং সকলের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন সিলেট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। ডেঙ্গু প্রতিরোধে তিনি সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
৩৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েলের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রাব্বানীর পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, শাহপরান পশ্চিম থানা আমীর মু. শাহেদ আলী, থানা সহকারী সেক্রেটারি ও সাবেক ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ আল মাসুদ। এ ছাড়া ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তারেক হাসান, ইকবাল আহকদ বাদল, সামসুল আলম, শ্রমিক নেতা সাজ্জাদ আলীসহ স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।