সিলেটের ফেঞ্চুগঞ্জে জমি জমা নিয়ে বিরোধের জেরে আদালতের স্থিতাবস্থা অমান্য করে বাড়ি দখলের চেষ্টা, হামলা ও গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ করেছেন জুবায়ের আহমদ। শনিবার (৩ অক্টোবর) সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ও তাঁর পরিবারের নিরাপত্তার দাবি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পেশায় শ্রমিক ও বাদেদেউলি গ্রামের বাসিন্দা জুবায়েরের দাবি, বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ হামলা চালিয়েছে।
জুবায়ের আহমদের লিখিত বক্তব্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন রুফুল, সাধারণ সম্পাদক আব্দুল গনি তাজিবুর ও কৃষকদল নেতা তারেকসহ একদল লোক প্রতিপক্ষ মিসবাহ উদ্দিন মোস্তফার পক্ষে ওই জমি দখলের চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে মিসবাহর ছেলে আতাউর রহমান সুহেল ও এক অজ্ঞাতপরিচয় যুবক ঘরে ঢুকে জুবায়েরকে মারধর করেন। ঘরে থাকা তাঁর স্ত্রী সাদিকা সুলতান বের হতে গেলে ওই যুবক তাঁর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁর স্ত্রী পড়ে গিয়ে আহত হন। আহতরা পরবর্তীতে স্থানীয় ফার্মেসি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
জমি বিরোধের পটভূমি তুলে ধরে জুবায়ের জানান, বাদেদেউলি গ্রামের দেউলি মৌজার বিএস খতিয়ান ১৩১৮ ও দাগ ৩০৮৯-এর জমিতে ১৯৫৯ সাল থেকে তাঁদের পরিবারের স্থায়ী বসবাস। ১৯৮৪ সালে মিসবাহ উদ্দিন মোস্তফা তাঁদের বাড়ির পাশে বসতি স্থাপন করেন। ২০১২ সালে জুবায়েরের বাবা আব্দুস সোবাহানের কাছ থেকে ১০ হাজার টাকায় ১ ডেসিমেল জমি কেনার দাবি করেন মিসবাহ উদ্দিন। তবে দীর্ঘ দিন পর ২০২৬ সালে এসে জমি দাবি করায় এতে একাধিক ওয়ারিশের স্বার্থ সংশ্লিষ্টতা থাকায় আপত্তি তোলে জুবায়েরের পরিবার। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা জারি করেন আদালত।
এর আগে গত ৬ আগস্ট দখলের চেষ্টা ও হুমকির ঘটনায় ১০ আগস্ট ফেঞ্চুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন জুবায়ের। তিনি আরও জানান, প্রায় এক মাস আগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে আদালতের রায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তিনি ৬ আগস্ট ও ২৮ সেপ্টেম্বরের ঘটনার সঠিক তদন্ত এবং জমি বিরোধের সুরাহা না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানান।