হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযানে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৫৫ বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।
বিজিবি জানায়, চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় চিমটিবিল বিওপির টহলদল মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করে। গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
এ ছাড়া কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তসংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। এসব মদের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
জব্দকৃত গরু ও মদ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।