সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ববিরোধের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার শনির হাওরের পাড়ে বীরনগর ও ময়মনসিংহা হাটির বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে খেলাধুলার ঘটনাকে কেন্দ্র করে তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর, জয়নগর, লক্ষ্মীপুর ও ধুতমা গ্রামের লোকজনের সঙ্গে মধ্য তাহিরপুরের ময়মনসিংহা হাটির বাসিন্দাদের মধ্যে বিরোধ ও হাতাহাতির সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের মসজিদের মাইকে লোকজনকে শনির হাওরের পাড়ে জড়ো হওয়ার আহ্বান জানানো হয় বলে স্থানীয়রা জানান। পরদিন দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল জানান, সংঘাত এড়াতে আগের রাত থেকেই গ্রামগুলোতে পুলিশ মোতায়েন ছিল এবং স্থানীয়দের সাথে কথা বলে পরিবেশ শান্ত রাখার চেষ্টা চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি সত্ত্বেও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও ডিবির দল পাঠানো হয়েছে।