সিলেট বিভাগে হাম সন্দেহে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয় বলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় জানিয়েছে।
মৃত শিশুটির নাম আয়শা মনি। সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বাসিন্দা মো. আশিক মিয়ার মেয়ে। একই সময়ে সিলেট বিভাগে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৬ জন।
নতুন ভর্তি হওয়া ১৩৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৮৩ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসেবে সিলেট জেলায় ৭৪, সুনামগঞ্জে ৬৬, হবিগঞ্জে ২৮ এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন। বছরজুড়ে বিভাগে মোট ১,০৯৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন—যার মধ্যে সিলেটে ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ ও মৌলভীবাজারে ১৫৮ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।