মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ছাত্র গণজমায়েতে সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত সমাবেশে সাদিক কায়েম অভিযোগ করেন, গত সাত মাসে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। একই সময়ে বিশ্বের অন্যান্য দেশে তেলের দাম কমেছে বলেও তিনি দাবি করেন। বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকটের কথাও তুলে ধরে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেন তিনি।
সাদিক কায়েম আরও অভিযোগ করেন, সরকার শহীদ ওসমান হাদি হত্যার বিচার করেনি এবং আওয়ামী লীগের বিচারেও দীর্ঘসূত্রতা রয়েছে। দেশে ২৭ লাখ বেকারের প্রসঙ্গ তুলে তিনি সরকারের কর্মসংস্থান নীতির সমালোচনা করেন। বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ছাড়া গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিল বলে দাবি করেন সাদিক কায়েম। তিনি বলেন, সরকার গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং চাঁদাবাজি, রাহাজানি, টেন্ডারবাজি ও সন্ত্রাস বন্ধে ব্যর্থ হয়েছে। ডাকসুসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বড়লেখা উপজেলা শাখার সভাপতি নোমান আহমদ। উপজেলা উত্তর শাখার সভাপতি হানযালা আহমদ অনুষ্ঠান পরিচালনা করেন। এতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।