সিলেটের বিয়ানীবাজারে ১১ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চাচা হাছান আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুরের রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাছান আহমদ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে এবং পেশায় প্রাইভেটকার চালক। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট বিকেলে শিশুটির মা নামাজ পড়ার সময় সুযোগ বুঝে অভিযুক্ত চাচা শিশুটিকে নিজ শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর পারিবারিক আলোচনা ও আইনি প্রক্রিয়া শেষে ১১ সেপ্টেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সিলেট জেলা আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।