মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে প্রতিপক্ষের দায়ের কোপে আব্দুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজী ইসরাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কাতারপ্রবাসী মুন্না আহমদের সঙ্গে আব্দুর রহমানের মেয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে গাছ বিক্রির টাকা ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মুন্না আহমদের ভাই ওমর ফারুকের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের বিরোধ চলছিল।
বৃহস্পতিবার রাতে সেই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আব্দুর রহমান মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ওমর ফারুক তাঁকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহতের ময়নাতদন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রস্তুতি চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।