মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ পৌরসভা ছাত্রলীগের সভাপতি আলী হোসেন ও উপজেলা যুবলীগের নেতা মুমিনুল হক টনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আলী হোসেনকে শুক্রবার রাতে সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রাম থেকে এবং মুমিনুল হক টনিকে শনিবার সকালে শাহবাজপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। আলী হোসেন (৩০) বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে। মুমিনুল হক টনি পাখিয়ালা উপজেলা চত্বর এলাকার তুতিউর রহমানের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের দায়ের করা মামলায় আলী হোসেন এজাহারভুক্ত আসামি। এর আগে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে তিনি ফের অপতৎপরতায় জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি। অন্যদিকে, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনায় তৎকালীন যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারের ২০২৪ সালের ২৩ আগস্ট দায়ের করা মামলায় মুমিনুল হক টনি এজাহারভুক্ত আসামি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মুমিনুল হক টনি তিন মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।