সিলেটের জালালাবাদে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি আলী আহমদ প্রকাশ আল মামুনকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শিবেরবাজারের মধুবন নামের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
আলী আহমদ জালালাবাদ থানার দখড়ী গ্রামের কালা মিয়া ও রুফিয়া বেগমের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ২ নম্বর হাটখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহসভাপতি।
পুলিশের তথ্য অনুযায়ী, আলী আহমদ জালালাবাদ থানার মামলা নং-০৩/১৩৬, তারিখ ২ আগস্ট ২০২৬-এর এজাহারভুক্ত আসামি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট সকাল ৭টা থেকে ৮টার মধ্যে জালালাবাদ থানার তেমুখী পয়েন্ট থেকে তেলিবাজার বাইপাস সড়কের অনন্তপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা বিক্ষোভ মিছিল করেন। পুলিশ ওই ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বর্ণনা করেছে।
এদিকে, থানার রেকর্ড যাচাই করে আলী আহমদের বিরুদ্ধে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দায়ের করা আরেকটি মামলার তথ্য পাওয়া গেছে। জালালাবাদ থানার মামলা নং-০৭/১২৬-এ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৫ ও ৩৪ ধারা এবং বিস্ফোরক উপাদানাবলী আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আলী আহমদকে আদালতে সোপর্দ করা হবে।