৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট

১৫ মাসে ফায়ার স্টেশনের কাজ শেষের নির্দেশ মন্ত্রীর

সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা চান না বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। নির্ধারিত ১৫ মাসের মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, নির্মাণকাজে ঢিলেমি বরদাশত করা হবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, এ প্রকল্পের সঙ্গে একটি বিস্তৃত জনপদের নিরাপত্তা ও জানমালের সুরক্ষা জড়িত। তাই নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার পাশাপাশি অবকাঠামোর নির্মাণমান ও সেবার মানও নিশ্চিত করতে হবে।

সিলেটের দ্রুত সম্প্রসারণ ও বহির্বিশ্বের সঙ্গে নিবিড় যোগাযোগের কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ অঞ্চলে অগ্নিনিরাপত্তাসহ জরুরি সেবাকে আধুনিক ও কার্যকর করা সময়ের দাবি। ফায়ার সার্ভিসের সক্ষমতা ও লজিস্টিক সহায়তা বাড়ানো গেলে বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দিয়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

ফায়ার সার্ভিস কর্মীদের দায়িত্ব পালনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় তাঁরা কাজ করেন। তবে অনেক সময় তাঁদের এই অবদান যথাযথ স্বীকৃতি পায় না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিক ও বিশ্বমানের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার বদ্ধপরিকর।

এ সময় নাগরিকদের সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং গণপূর্ত অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *