সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে ‘জান মোহাম্মদ’র খালের ওপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন স্থানীয় ১০/১৫টি গ্রামের বাসিন্দারা। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও সাঁকোটি ব্যবহার করছেন।
বশিরপুর–জামালপুর–দেওয়ানবাজার সড়কের বনগাঁও ও জামালপুর গ্রামের মধ্যবর্তী খালের ওপর সাঁকোটির দৈর্ঘ্য প্রায় ১১০ ফুট। জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর উচ্চ বিদ্যালয়, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজ ও বনগাঁও মহিলা মাদরাসার শিক্ষার্থীরা এটি ব্যবহার করেন। বনগাঁও, রটারগাঁও, দৌলতপুর, জগন্নাথপুর, বশিরপুর ও তালতলাসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষও সাঁকো দিয়ে যাতায়াত করেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় ৫৫ বছর ধরে ওই স্থানে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত চলছে। পাকা সেতু না থাকায় দেওয়ান বাজার ইউনিয়নের কমপক্ষে ৬টি গ্রামের মানুষকে পার্শ্ববর্তী দুই ইউনিয়নের সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয়রা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে কয়েক বছর পরপর সাঁকোটি নির্মাণ করেন।
এলাকাবাসী জানান, কয়েকদিন আগে স্থানীয় উদ্যোগে নতুন সাঁকো নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয়রা ‘জান মোহাম্মদ’র খালের ওপর পাকা সেতু নির্মাণে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।