ইউরোপে পাঠানোর স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাঁদের আদালতে উপস্থাপন করা হলে বিচারক সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তাঁর ভাই শামছুল মিয়া (২৯)। জগন্নাথপুর থানা-পুলিশ জানিয়েছে, ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে এই ভাই-বোনের বিরুদ্ধে থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ৪টি মামলা রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক এই পাচার চক্রের নেটওয়ার্ক লিবিয়া ও ইতালি পর্যন্ত বিস্তৃত। অভিযুক্ত সুভি বেগমের স্বামী বর্তমানে ইতালিতে এবং অন্য এক ভাই লিবিয়ায় অবস্থান করছেন। তাঁরা দেশে অবস্থানরত ইউরোপ-প্রত্যাশীদের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতেন এবং বিদেশে অবস্থানরত স্বজনদের সহযোগিতায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ভুক্তভোগী শেলন ভান্ডারী অভিযোগ করেন, ইতালি পাঠানোর কথা বলে সুভি বেগম ও তাঁর ভাই তাঁর কাছ থেকেই ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ চক্রের খপ্পরে পড়ে সুনামগঞ্জ ও সিলেটের আরও বহু পরিবার নিঃস্ব হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, আসামিদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।