সিলেটের কানাইঘাটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও অননুমোদিত স্টোন ক্রাশার মিলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। অভিযানে সারি নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ এবং খেয়াঘাট এলাকায় ১২টি স্টোন ক্রাশার মেশিন বিকল করা হয়েছে।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে রোববার দিবাগত রাত ১২টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত সারি নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি বোমা মেশিন জব্দ করা হয়।
পরে সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার খেয়াঘাট এলাকায় স্টোন ক্রাশার মিলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ১২টি স্টোন ক্রাশার মেশিন বিকল করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় কানাইঘাটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন এবং অনুমোদনহীন ক্রাশার মিলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।