শুক্রবার সকালটা বিদ্যুৎ ছাড়াই কাটাতে হবে সুনামগঞ্জের পিডিবির আওতাধীন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকবে। ফলে এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী রাসেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় রেখে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি ও পিডিবি কর্তৃপক্ষ।