সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এছাড়া দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি স্বর্ণালঙ্কার এবং দান হিসেবে পাওয়া গবাদিপশুর বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিলগালা করা দানবাক্স ও ডেগগুলো খোলা হয়। দিনভর প্রায় অর্ধশত স্বেচ্ছাসবী গণনার কাজ শেষে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিক হিসাব ঘোষণা করা হয়।
মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এই হিসাব প্রকাশ করেন। গণনায় নগদ অর্থের পাশাপাশি ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং ১৫টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ৮ মার্কিন ডলার, ৩০.১০ ইউরো, ওমানের ৯০৩ রিয়াল, ভারতের ৩,৯৫৪ রুপি, সৌদি আরবের ৯৯.২৫ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৫৭.২৫ দিরহামসহ অন্যান্য দেশের মুদ্রা।
চলতি বছরে এটি মাজারের চতুর্থ দফার গণনা। এর আগে ১৫ আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, ১১ জুলাই ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ২২ জুন ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। উল্লেখ্য, প্রথম দফায় জেলা প্রশাসনের তহবিল থেকে অতিরিক্ত ৫ লাখ টাকা যোগ করায় মোট পরিমাণ দাঁড়িয়েছিল ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। জুন মাসে জেলা প্রশাসনের তদারকিতে গঠিত কমিটির অধীনে নতুন দানবাক্স ও ডেগ সিলগালার পর থেকে সমস্ত অর্থ প্রশাসনিক ব্যবস্থাপনায় নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হচ্ছে।
দান হিসেবে প্রাপ্ত গবাদিপশু ব্যবহারের ক্ষেত্রে লঙ্গরখানায় জবেহের পাশাপাশি ৪০টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার কর্মচারীদের মজুরি প্রদান করা হয়েছে। এছাড়া দুজন দরিদ্র নারীর বিয়েতে মাজারের পক্ষ থেকে উপহার হিসেবে একটি করে গরু ও ছাগল প্রদান করা হয়।