দারুল আরকাম মাদ্রাসাগুলো সচল রাখতে শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি শিক্ষার্থী বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির (বাদাশিকস) কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীন। তিনি বলেছেন, প্রতিষ্ঠানগুলোকে প্রাণের প্রতিষ্ঠান মনে করে শিক্ষার্থী বৃদ্ধি করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বাদাশিকসের সিলেট জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী জয়নুল আবেদীন বলেন, শিক্ষকদের একতাবদ্ধ হয়ে নিজেদের স্বার্থে কাজ করতে হবে। অসহায় শিক্ষক ও সহায়ক কর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সারা দেশের দারুল আরকাম মাদ্রাসাগুলো সচল রাখতেও উদ্যোগী হতে হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন বলেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের বিরুদ্ধে সংঘটিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধভাবে লক্ষ্য অর্জনের আহ্বান জানান তিনি।
বাদাশিকসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ফয়জুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতী নাজমুল হুদা কাসেমী ও মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সহসাধারণ সম্পাদক মাওলানা আল-আমিন হোসাইন, আইসিটি সম্পাদক হাফিজ মাওলানা রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মো. মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক মুফতী জসিম উদ্দীন সিদ্দিকী।
সভায় আরও বক্তব্য দেন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল হক, মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন এবং সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক মহব্বত উল্লাহ নোমান। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ, হাফিজ সুলাইমান আহমদ, মাওলানা সাইদুর রহমান, হাফিজ ইয়াসিন আহমদ ও শাব্বির আহমদ। সহায়ক কর্মীদের পক্ষে বক্তব্য দেন আব্দুল কাদির ও গোলাম মোস্তফা।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ জয়নাল আবেদীন। ইসলামী সংগীত পরিবেশন করেন সোহেল আহমদ। সভায় সিলেট জেলা শাখার বিগত বছরের অডিট প্রতিবেদন উপস্থাপন করেন মাওলানা কামাল আহমদ।