৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা জনস্বার্থ সংবাদ ধর্ম সিলেট

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সিলেট পুলিশের ১২ নির্দেশনা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ১২টি নির্দেশনা দিয়েছে সিলেট রেঞ্জ পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সিলেট রেঞ্জ পুলিশের মিডিয়া সেল বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনার কথা জানায়।

এর আগে শনিবার (১০ অক্টোবর) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত এক পরিকল্পনা সভায় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং পরিচালনা করেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক। সভার সিদ্ধান্ত অনুযায়ী পূজামণ্ডপের নিরাপত্তা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

পুলিশের নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পূজামণ্ডপের আশপাশে অবৈধ দোকান বসানো, রাস্তায় গাড়ি পার্কিং এবং মেলা বা অনাকাঙ্ক্ষিত কোনো অনুষ্ঠানের আয়োজন না করার জন্য বলা হয়েছে। উৎসবের সময় মোটরসাইকেল রেস ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পূজামণ্ডপ ব্যবস্থাপনায় নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং অগ্নিনির্বাপক যন্ত্র মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সহায়তার পাশাপাসি নারী দর্শনার্থীদের তল্লাশির ক্ষেত্রে নারী স্বেচ্ছাসেবক নিয়োগে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে রেঞ্জ পুলিশের নির্ধারিত পথ বা রুট অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া পূজা চলাকালে হাউজি, জুয়া খেলা, আতশবাজি ও পটকা ফোটানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় আজান ও নামাজের সময় মাইকসহ যেকোনো শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা এবং উচ্চশব্দ সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা নিতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *