সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক এক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বিরামপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ফজলুর রহিম কাজল (৫৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফজলুর রহিম কাজল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরস ইউনিয়নের কাকিয়াম গ্রামের বাসিন্দা এবং সাবেক সেনাসদস্য। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য নানা স্থানে সন্ধান চালিয়ে না পেয়ে ওই রাতেই স্বজনেরা ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে শুক্রবার সকালে মোহনগঞ্জের বিরামপুর এলাকায় একটি গাছের ডালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মোহনগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা—সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে পরিবারের পক্ষ থেকে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করা হলেও, পুলিশ আপাতত ময়নাতদন্তের ফলের অপেক্ষায় রয়েছে।