টিকটকে অশালীন ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মো. মামুন (বা মামুনুর রশীদ) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক যুবক শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে টিকটকে ভিডিও তৈরি করে আপত্তিকর ও অশালীন বক্তব্য দিয়ে আসছিলেন মামুন। ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া ও অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে শনিবার রাতে স্থানীয় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও দেওয়ার তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।