হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। রবিবার (৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম ও রেজভীয়া জামে মসজিদ সংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত সাতটি স্মার্টফোন জব্দ করা হয়।
এসআরবি সূত্রে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাঁদের ধরে ফেলা হয়। আটককৃতরা হলেন— মো. খায়রুল হাসান পলাশ (৩৫), সুভাষ চন্দ্র মল্লিক (২৬), কামরুল ইসলাম (৪১), রনি রবিদাস (২৩), মো. শাহ আলম (২৮), মো. তৌহিদ মিয়া (২৬) এবং রেদোয়ান হোসেন (২৩)।
সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তাঁরা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে সক্রিয় ছিলেন। বেশি কমিশন লাভের আশায় 777 Jaya, BD89, 77KK, WINBD.VIP, BDBAJEE, CV66, 77BD, 8777bet, A880.COM, R77 এবং XE66.COM-এর মতো বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ায় উৎসাহিত করতেন।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চালিয়ে তাঁদের ও জব্দকৃত ফোন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।