সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সংঘর্ষ ঘটে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে অন্তত ৩-৪ ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা উপহার বিতরণ করে ছাত্রশিবির। পরবর্তীতে গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক মিছিল বের করে। মিছিল দুটি মুখোমুখি হলে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নেতা-কর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
সংঘর্ষ ও মহাসড়কে যান চলাচল বন্ধের খবর পেয়ে ছাতক থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার করে। ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত জানান, নবীনবরণ কর্মসূচি নিয়ে মিছিল করার সময় দুই সংগঠন মুখোমুখি হলে এ ধাওয়া-পাল্টাধাওয়ার সূত্রপাত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে সংঘর্ষে আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। পুলিশ প্রাথমিক বক্তব্যে উভয় পক্ষের সরাসরি কোনো সদস্যের গুরুতর হতাহত না হওয়ার কথা জানালেও স্থানীয় সূত্রের বরাতে বেশ কয়েকজন পথচারী ও দোকানপাট ইটপাটকেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।