১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

শিক্ষা সিলেট স্বাস্থ্য

গোয়াইনঘাটে প্লাস্টিক বর্জন ও পরিবেশ রক্ষায় বেলা’র সচেতনতামূলক প্রচারাভিযান

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্কুলের নবম ও দশম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার প্রচারণার মূল উদ্দেশ্য উপস্থাপন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বেলার বিভাগীয় কর্মকর্তা নিরুপম দে, সহকারী শিক্ষিকা শতাব্দী রায় বৃষ্টি, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি লবীব আহমদ এবং রাতারগুলের পরিবেশকর্মী মো. গিয়াস উদ্দিন।

বক্তারা শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার থেকে পলিথিন ও প্লাস্টিক বর্জন করা, নতুন গাছ লাগানো এবং এলাকাবাসীকে সচেতন করার আহ্বান জানান। পরবর্তীতে বিষয়টির ওপর দুটি পৃথক ভিডিও চিত্র প্রদর্শন ও শিক্ষার্থীদের মধ্যে ধারণাপত্র বিতরণ করা হয়।

ভিডিও প্রদর্শনী ও আলোচনা পর্বে প্লাস্টিকের ক্ষতিকর দিক নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে শিক্ষার্থী এহতেশামুর রহমান চৌধুরী সেজান, মিনহাজ উদ্দিন, সানজিদা আক্তার ইমা, শুভশ্রী সরকার, ওয়াহিদুর রহমান ও রাইম আহমদ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার বলেন, "দেশের আগামীর কর্ণধার এই শিক্ষার্থীরা যেন পরিবেশ সম্পর্কে জ্ঞান রাখে এবং পরিবেশ ভালো রাখা বা ধ্বংসের কারণগুলো চিনতে পারে, সেই চিন্তা তাদের মনের মধ্যে গেঁথে দেওয়াই এই প্রচারাভিযানের মূল লক্ষ্য।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *