সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের টানা ১২তম দিনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিকালীন শত শত শিক্ষার্থী এক দফা দাবির পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগানে মুখর হয়ে ওঠেন। অবস্থান শেষে শিক্ষার্থীরা সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান। শিক্ষার্থীদের মূল দাবি—কলেজটিকে অবিলম্বে স্বতন্ত্র প্রতিষ্ঠান ঘোষণা করে শাবিপ্রবির সঙ্গে একাডেমিক ও প্রশাসনিকভাবে যুক্ত করার বিষয়ে দ্রুত সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর আন্দোলন শুরুর পর প্রশাসনিক ভবনে অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করা হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত বৈঠকটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এ ছাড়া গত বছর এ বিষয়ে একটি রেজুলেশন পাস হওয়ার কথা থাকলেও দেড় বছরে কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লিখিত সরকারি প্রজ্ঞাপন ছাড়া তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। দ্রুত দাবি বাস্তবায়িত না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।