সোলার জিনসিন ও ‘ফাইটার’ নামের সিরাপ তৈরি হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে। ব্যবহার করা হচ্ছিল ঘনচিনি ও অনুমোদনহীন টেক্সটাইল কালার। এমন অনিয়মের অভিযোগে সিলেট নগরীর লালদিঘীরপাড়ে ‘জামাল অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক শাহ জামালকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ দল এ অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় সনদপত্র না পাওয়ার পাশাপাশি নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুতের বিষয়টিও সামনে আসে।
এসব অনিয়মের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১০ বস্তা মালামাল জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু। অভিযান সমন্বয় করেন সিলেট জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন ও অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।