সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর অংশে আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে প্রায় একই সময়ে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। সিলেট থেকে জাফলংগামী পর্যটকবাহী একটি বাসকে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। অন্যদিকে, বিরাইমারা ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল রোডের জৈন্তাপুর ফেরীঘাট এলাকায় রাজবাড়ী থেকে আসা পর্যটকবাহী একটি বাসকে (ঢাকা মেট্রো ব ১২-১৮৪৯) সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৭৫০১) সজোড়ে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা মারাত্মক আহত তিন পর্যটককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাসের পর্যটকেরা ছয় দিনের সিলেট ভ্রমণে বের হয়ে জাফলংয়ের উদ্দেশে যাচ্ছিলেন।
এদিকে প্রায় একই সময়ে জৈন্তাপুর থানার বিরাইমারা ব্রিজের পূর্ব পাশে বিপরীতমুখী দুটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার থেকে পাঁচজন যাত্রী আহত হন। জৈন্তাপুর থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল ও এডিআইও মো. মহসিন আলম জানান, দুর্ঘটনা দুটিতে আহত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পলাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।