শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সিলেটে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে সাদা পোশাকে পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) তৎপরতাসহ সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পূজা উপলক্ষে সিলেট মহানগর এলাকায় ৫ শতাধিক সাধারণ পুলিশ ও ২ শতাধিক ট্রাফিক পুলিশ মিলিয়ে মোট ৭ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিলেট জেলা ও মহানগর মিলিয়ে প্রায় ৪ হাজার আনসার সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকা ১০৮টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। যেসব ক্যামেরা নষ্ট রয়েছে, সেগুলো পূজার আগেই সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি মণ্ডপগুলোতে নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা যাবে এবং পূজা কমিটির সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
এদিকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজার পাঁচ দিন নিরবচ্ছিন্ন নাগরিক সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া মণ্ডপগুলোতে নগদ অর্থসহায়তার পাশাপাশি সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ চালানো হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, সিলেট জেলায় মোট ৪৭৪টি (সার্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টি) এবং মহানগরে ১৬৫টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।