৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ সিলেট

ফেসবুক পোস্টের জেরে খুন: দক্ষিণ সুরমায় রক্তক্ষয়ী সংঘাত

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘাত ও হামলার ঘটনায় রাসেল আহমদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গুরতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল স্থানীয় শারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, চকেরবাজার এলাকায় 'শাহ গোষ্ঠী' ও 'শেখ গোষ্ঠীর' মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় সম্পত্তির আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি শাহ গোষ্ঠীর যুবক রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি পোস্ট দেন। এই ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের ক্ষোভ চরমে ওঠে এবং শুক্রবার বিকেলে রাসেলের ওপর প্রতিপক্ষ গোষ্ঠী হামলা চালিয়ে তাকে জখম করে।

রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চকেরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, স্থানীয় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেট, মাজার ও মসজিদের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে এই দুই গোষ্ঠীর দ্বন্দ্বে গত ২১ আগস্টও ব্যাপক সংঘর্ষ হয়েছিল, যাতে পুলিশ সদস্যসহ বহু লোক আহত হন। স্থানীয় প্রশাসনিক সূত্রে জানা যায়, পূর্বে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা স্থায়ী রূপ পায়নি।

বর্তমানে নিহত রাসেলের ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করায় দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার যৌথ টহল জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও কোনো আনুষ্ঠানিক মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *