সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ও চিকনাগুল বাজারে দিনব্যাপী যৌথ অভিযান চালিয়ে অন্তত ৬০টি অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কসংলগ্ন এই দুই বাজারে বুলডোজার দিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়কে যানজট নিরসন, জনসাধারণের চলাচল স্বাভাবিক করা এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকনাগুল বাজারে এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরবস্ত বাজারে ধারাবাহিকভাবে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আল-আমিন মীর, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী এবং দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, সাবেক ইউপি চেয়ারম্যান এ বি এম জাকারিয়া, সিলেট সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারাও অভিযানে উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা চিহ্নিত করে দ্রুত উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উচ্ছেদ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় জানান, সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর অংশকে যানজটমুক্ত রাখতে এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাসড়কের পাশে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।