সিলেটের জৈন্তাপুরে একটি বালুবাহী ট্রাক থেকে বালুর নিচে লুকিয়ে রাখা ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. আলাল (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় তল্লাশি চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সারিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সিলেটগামী বালুবাহী ট্রাকে(ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১) তল্লাশি চালানো হয়। এ সময় বালুর নিচে লুকিয়ে রাখা শাড়িগুলো পাওয়া যায়।
আটক মো. আলাল গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতি গ্রামের সিদ্দিক আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ট্রাকে করে ভারতীয় শাড়িগুলো সিলেটের দিকে নেওয়া হচ্ছিল। পুলিশের হিসাবে জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, জব্দ করা শাড়ি ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মো. আলালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।